নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জ উপজেলার চার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে জনসেবা সচল রাখতে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব দেয়া হয়েছে।
রোববার (১০ নভেম্বর) জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক মোঃ হাসিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, কালীগঞ্জ উপজেলার নাগরী, জামালপুর, মোক্তারপুর এবং বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে ইউনিয়ন পরিষদ সচল রেখে জনসেবা অব্যাহত রাখতে স্থানীয় সরকার বিভাগ থেকে গত ১৯ আগস্ট জারি করা পরিপত্রের আলোকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৩, ১০১ ও ১০২ ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব অর্পণ করা হলো।
আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানরা হলো, নাগরী ইউনিয়ন পরিষদে মোঃ মনির খান (প্যানেল-২), জামালপুরে মোসা: সুফিয়া বেগম (প্যানেল-৩), মোক্তারপুরে আইয়ুব বাগমার (প্যানেল-৩) এবং বাহাদুরসাদী মোঃ পনির মিয়া (প্যানেল-২)।
যদিও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানান, তাঁরা নিয়মিত ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে সকল কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবু কি কারণে তাঁদের অনুপস্থিত বলা হচ্ছে এ বিষয়ে জানতে দ্রুতই জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করবেন তাঁরা। প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়ার কথাও বলেন কেউ কেউ।