কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু, মাদক সম্রাজ্ঞী রেহানা গ্রেপ্তার

কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু, মাদক সম্রাজ্ঞী রেহানা গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ও মাদক সম্রাজ্ঞী মোছাঃ রেহানা বেগমকে (৫৯) গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে বালীগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোছাঃ রেহানা বেগম বালীগাঁও এলাকার মাদক ব্যবসায়ী হযরত আলীর স্ত্রী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে বালীগাঁও এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। সে সময় মাদক সম্রাজ্ঞী রেহানা বেগমকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। অভিযানের নেতৃত্বে দিয়েছে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মাসুদ রানা শামীম।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন বলেন, মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে বুধবার দুপুরে বালীগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে রেহানা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সে সময় তার কাছ থেকে ৮৪ পুরিয়া (২৫০ গ্রাম) গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে‌। মাদক উদ্ধারের ঘটনায় নিয়মিত মামলায় তাকে আদালতে পাঠানো হবে।

তিনি আরো বলেন, মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।