কালীগঞ্জ পৌর মেয়র অনুপস্থিত, কার্যক্রম ব্যাহত

কালীগঞ্জ পৌর মেয়র অনুপস্থিত, কার্যক্রম ব্যাহত

নিজস্ব প্রতিনিধি : কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন কর্মস্থলে উপস্থিত না থাকায় কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে না।

রোববার (১৮ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের গাজীপুরের উপপরিচালক (উপসচিব) ওয়াহিদ হোসেনকে পাঠানো এক পত্রে এ তথ্য জানিয়েছে কালীগঞ্জ পৌর নির্বাহী অফিসার মোঃ মিলন মিঞা।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কর্মস্থলে অনুপস্থিত মেয়রও কাউন্সিলরদের পদ থেকে তাদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করার পদক্ষেপ নিতে যাচ্ছে। এতে দ্রুত অপসারিত হতে পারেন সব মিলিয়ে অসংখ্য আওয়ামীপন্থি মেয়র, কাউন্সিলর। এ পদক্ষেপ বাস্তবায়নে আইনগত বাধা এড়াতে সংশ্লিষ্ট সব আইনের সংশোধন এনে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হতে যাচ্ছে। উপদেষ্টা পরিষদ ইতোমধ্যে অধ্যাদেশ আকারে এসব আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে।

নির্বাচন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধিরা পলাতক থাকলে জনসেবা বিঘ্নিত হয়। এ পরিস্থিতিতে বিদ্যমান আইনে প্রশাসক নিয়োগেরও বিধান নেই। সে কারণে আইন সংশোধনের প্রয়োজন রয়েছে। আবার কেউ বলছেন, প্রশাসক নিয়োগ না করে যারা পলাতক নন এবং অভিযোগমুক্ত, তাদের মতামত নিয়ে তাদের মধ্য থেকেই অস্থায়ীভাবে মেয়র, চেয়ারম্যান নিয়োগ দেওয়া যেতে পারে।

এর আগে বুধবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে চলমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন পৌরসভার মেয়রদের কর্মস্থলে ধারাবাহিক অনুপস্থিতি এবং প্যানেল মেয়রদের উপস্থিতিও নিশ্চিত করতে না পারায় সংশ্লিষ্ট পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাদের পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন পৌরসভার অনেক মেয়র ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না বলে জানা যায়। পৌরসভার প্যানেল মেয়ররাও কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করেও উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না।

এর পরিপ্রেক্ষিতে পৌরসভার অনেক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে। তাই যেসব পৌরসভায় এরূপ পরিস্থিতি উদ্ভূত হয়েছে, সেসব পৌরসভায় সব ধরনের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার নিমিত্ত প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকে পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ ১৪ আগস্ট থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশের বেশির ভাগ পৌরসভার মেয়র পলাতক রয়েছেন। পৌরসভার প্যানেল মেয়র ও অনেক কাউন্সিলর ও পলাতক। সে জন্য স্থানীয় সরকার বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।

 

আরো জানতে……

মেয়রদের অনুপস্থিতিতে সিটি করপোরেশন ও পৌরসভার ক্ষমতা পেলেন প্রধান নির্বাহীরা