গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের নরুন এলাকায় ছুরিকাঘাতে রিদোয়ান হাসান আলিফ (১৯) নামে এক কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। জড়িতরা সকালেই কিশোর বয়সী বলে জানা গেছে।
সোমবার (১৪ নভেম্বর) রাত পৌনে আটটার দিকে নরুন বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত রিদোয়ান হাসান আলিফ পার্শ্ববর্তী শ্রীপুর থানার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী গ্রামের আমানউল্লার ছেলে। সে প্রহলাদপুর স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য গোলাম মস্তফা আকন্দ বলেন, নরুন উচ্চ বিদ্যালয় মাঠে ৪ দিনব্যাপী ওয়াজ মাহফিল চলছে। রিদোয়ান হাসান আলিফ সোমবার সন্ধ্যায় ওই মাহফিলে অংশ নেয়ার উদ্দেশ্যে নরুন বাজার এলাকায় আসে। সে সময় আলিফের সঙ্গে তার পূর্ব পরিচিত বন্ধু অর্ণব (১৯), শ্রাবণ (১৯), নাদীম (১৯) সিফাত (১৯) ও কাউসারের (১৯) সঙ্গে দেখা হয়। তারা সকলেই এইচএসসি পরীক্ষার্থী ও প্রহলাদপুর গ্রামের বাসিন্দা। পরে তারা সকলে একত্রে গল্প করছিল। আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে অজ্ঞাত কয়েকজন কিশোর ও যুবক এসে আলিফকে ধরে নরুন তিন রাস্তার মোড় থেকে কিছু দূরত্বে নিয়ে যায়। পরে আরো প্রায় ৫০-৬০ জন কিশোর ও যুবক মিলে ওই সড়ক ব্লক করে চারদিকে ঘিরে ফেলে। পরে তারা আলিফকে মারধর শুরু করে। একপর্যায়ে তারা আলিফের বুকে ও পেটে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আলিফকে উদ্ধার করে তার বন্ধুরা মিলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।