গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
গত বুধবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হয়। আদালত আগামী মঙ্গলবার (২৩ আগস্ট) আদেশের দিন ধার্য করেছেন।
আদালতে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন আইনজীবী মশিউর রহমান সবুজ।
বিভিন্ন অভিযোগে গত বছরের ২৫ নভেম্বর তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ভুয়া টেন্ডার, আরএফকিউ, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ, বিশ্ব ইজতেমা উপলক্ষে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ও একই কাজ বিভিন্ন প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং প্রতিবছর হাট-বাজার ইজারার অর্থ যথাযথভাবে নির্ধারিত খাতে জমা না রাখাসহ নানাবিধ অভিযোগ উত্থাপিত হয়েছে।
এছাড়া ভূমি দখল ও ক্ষতিপূরণ ছাড়া রাস্তা প্রশস্তকরণ সংক্রান্ত প্রাপ্ত অভিযোগটির বিষয়ে সিটি করপোরেশনের মতামত জানতে চাওয়া হলে অদ্যাবধি কোনো মতামত দেওয়া হয়নি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ অভিযোগসমূহ ক্ষমতার অপব্যবহার, বিধিনিষেধ পরিপন্থী কার্যকলাপ, দুর্নীতি ও ইচ্ছাকৃত অপশাসনের শামিল, যা করপোরেশন আইনের ধারা ১৩ (১) (ঘ) অনুযায়ী অপসারণযোগ্য অপরাধ। এসব অভিযোগের তদন্ত কার্যক্রম শুরুর মাধ্যমে ২০০৯ সালের সিটি করপোরেশন আইনের ১৩ ধারা মতে অপসারণের কার্যক্রম আরম্ভ করা হয়েছে। তাই সিটি করপোরেশন আইনের ধারা ১২ (১) অনুযায়ী, সুষ্ঠু তদন্ত কার্যক্রম পরিচালনার স্বার্থে জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
আইনজীবী মশিউর রহমান সবুজ সংবাদ মাধ্যমকে জানান, চলতি বছরের ১৪ আগস্ট তিনি রিট করেন। এ রিটের ওপর ১৭ আগস্ট শুনানি শেষে আদেশের জন্য ২৩ আগস্ট দিন রেখেছেন হাইকোর্ট।
আরো জানতে…….