কালীগঞ্জে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যুগ্ম সচিবের স্বামীর মৃত্যু, যুগ্ম সচিব আহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় যুগ্ম সচিবের (ওএসডি) স্বামীর মৃত্যু হয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন যুগ্ম সচিব ও গাড়ি চালক।

শুক্রবার (১ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে টঙ্গী-ঘোড়াশাল রেল সড়কের নলছাটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রহিম খাঁন (৭২)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রফেসার ও দুর্ঘটনায় আহত যুগ্ম সচিব দিলজুয়ারা খানমের স্বামী। তাঁরা মিরপুর ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টারে থাকেন।

এছাড়া আহত হয়েছে তাঁদের গাড়ি চালক বরিশালের উজিরপুর থানার হাবিবপুর গ্রামের এনছের আলী সরদারের ছেলে সোলেমান (৩২)।

আহত যুগ্মসচিব দিলজুয়ারা খানম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নলছাটা এলাকায় অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন যুগ্ম সচিবের প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি উড়ে গিয়ে পাশের একটি খাদে পড়ে। প্রাইভেটকারটি নাগরীর দিকে যাচ্ছিল। পরে স্থানীয়রা প্রাইভেটকারে থাকা (ওএসডি) যুগ্ম সচিব, তাঁর স্বামী ও প্রাইভেটকারের চালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেন বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যুগ্ম সচিবের স্বামীকে মৃত্যু অবস্থায় এবং যুগ্ম সচিব দিলজুয়ারা খানম ও তাঁদের গাড়ি চালককে অহতাব্যবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফারড করা হয়েছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার সাহাজী বলেন, দুর্ঘটনায় যুগ্ম সচিবের স্বামীর মৃত্যু হয়েছে। অপরদিকে দুর্ঘটনায় আহত যুগ্ম সচিব দিলজুয়ারা খানম ও গাড়ি চালককে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী বলেন, ময়না তদন্তের জন্য নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য: ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা যুগ্ম সচিব দিলজুয়ারা খানমকে ২০১৭ সালের ১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সেচ্ছায় আবসরে পাঠানো হয়।