কালীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে খাটের নিচে মিলল বিদেশী বিয়ার, গ্রেপ্তার ১

কালীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে খাটের নিচে মিলল বিদেশী বিয়ার, গ্রেপ্তার ১

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীর ঘরের মধ্যে খাটের নিচে লুকিয়ে রাখা ২০৩ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার এবং ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৮ আগস্ট) সকালে এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে ডিবি পুলিশ।

এর আগে শুক্রবার বিকেলে কালীগঞ্জের নাগরী ইউনিয়নের রাথুরা এলাকায় অভিযান পরিচালনা করে বিয়ার উদ্ধার ও তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ওবাইদুর রহমান।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী নাগরী এলাকার রাথুরা গ্রামের সাইজ উদ্দিনের ছেলে শহিদুল্লা মিয়া (৩২)। সে ওই এলাকার মাদক ব্যবসায়ী চক্রের প্রধান।

গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওবাইদুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল পাঁচটার দিকে কালীগঞ্জের নাগরী ইউনিয়নের রাথুরা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচলনা করা হয়। সে সময় গ্রেপ্তার শহিদুল্লার বাড়ির পাশে এক জঙ্গলে মাদক বেচা-কেনা হচ্ছে এমন তথ্য পাই। পরে ওই স্থানে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। তাদের ধাওয়া করলে শহিদুল্লা তার বাড়িতে প্রবেশ করে লুকিয়ে থাকে। পরে তার ঘর তল্লাশি করে খাটের নিচে বস্তার ভরে লুকিয়ে রাখা ৮৩ ক্যান বিদেশী বিয়ার ও কাগজের কার্টুন বক্সে লুকিয়ে রাখা আরো ১২০ ক্যানসহ মোট ২০৩ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে এলাকায় তল্লাশি করেও তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এসআই ওবাইদুর রহমান আরো বলেন, গ্রেপ্তার শহিদুল্লা এবং পলাতক আরো তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে [মামলা নাম্বার ৯(৮)২১]। গ্রেপ্তার শহিদুল্লাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।