গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ ছৈলাদী এলাকায় অসাধু ব্যবসায়ীরা মাটি কেটে নেয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) নির্মিত পাকা সেচ ড্রেন ভেঙ্গে পড়েছে। এতে উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী এলাকার প্রায় ২০০ বিঘা কৃষি জমির সেচকার্য ব্যাহত হচ্ছে।
এছাড়াও ওই বিলের অনেক জমির মাটি কেটে নিচ্ছে অভিযুক্ত মাটি ব্যবসায়ীরা। যার ফলে কৃষি জমির পরিমান হ্রাস পাচ্ছে যা ভবিষ্যৎ খাদ্য ঘাটতির হুমকির মুখে পড়তে পারে।
এ ঘটনায় থানায় এজাহার দায়ের করলেও মামলা নথিভুক্ত করতে বিলম্ব হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে।
অভিযোগ দায়ের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুদ্দুস।
এর আগে গত ৫ এপ্রিল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কালীগঞ্জ (ক্ষুদ্রসেচ) কার্যালয়ের অফিস সহকারী আকবর হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।
অভিযুক্ত মাটি ব্যবসায়ীরা হলো, জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের খাগড়ারচর এলাকার আ: রহিম শেখের ছেলে আকবর হোসেন শেখ (৩৮), মৃত গিয়াসউদ্দিন মাস্টারের ছেলে মোয়াজ্জেম হোসেন রাসেল মাস্টার (৪৬) এবং আজিজুল হকের ছেলে আনিসুর রহমান রিপন (৪২)।
এজাহার সূত্রে জানা যায়, ”জামালপুর ইউনিয়নের ছৈলাদী এলাকায় অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) গভীর নলকূপের পাকা ড্রেনের পাশের জমি থেকে অসাধু মাটি ব্যবসায়ী আকবর হোসেন শেখ, মোয়াজ্জেম হোসেন রাসেল মাস্টার এবং আনিসুর রহমান রিপন মাটি কেটে নেয়া। এতে করে বিএডিসি’র নির্মিত পাকা সেচ নালার প্রায় ৭০ ফুটের মতো অংশ ভেঙ্গে পড়েছে। ফলে ওই বিলের প্রায় ২০০ বিঘা জমির সেচকার্য ব্যাহত হচ্ছে। এছাড়াও ওই বিলের অনেক জমির মাটি তারা কেটে নিচ্ছে, যার ফলে কৃষি জমির পরিমান হ্রাস পাচ্ছে যা ভবিষ্যতে খাদ্য ঘাটতির হুমকি স্বরূপ।”
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কালীগঞ্জ উপজেলা (ক্ষুদ্রসেচ) কার্যালয়ের অফিস সহকারী আকবর হোসেন বলেন, ” ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন শেষে জড়িত তিনজন মাটি ব্যবসায়ীরা বিরুদ্ধে গত ৫ এপ্রিল কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করেছি। এরপর পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এখনো মামলা নথিভুক্ত করা হয়নি।”
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুদ্দুস বলেন, “অভিযোগ দায়ের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিক বলেন, “অভিযোগ পেয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) অফিস সহকারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”