গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাতে সিল মারা ঠেকাতে কালীগঞ্জের নাগরী ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে ভোটের দিন ভোরে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। এছাড়াও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। পাশাপাশি এক প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশ এবং আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য এবং প্রতিযোগিতাপূর্ণ উপনির্বাচন করার লক্ষ্যে প্রশাসন এ ব্যবস্থা নিয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) নাগরী ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবলী সাদিক বলেন, রাস্তাঘাট উন্নত। সকাল আটটার আগে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৯ টার সময়। প্রশাসন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে।
তিনি আরো বলেন, উপনির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ এবং আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধের জন্য ‘মোবাইল কোর্ট আইন ২০০৯’ এর প্রাসঙ্গিক আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ১ প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশ এবং আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় এবং গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, নাগরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন এবং কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক উর রহমান নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে সিল মারা ঠেকাতে কালীগঞ্জের নাগরী ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে ভোটের দিন ভোরে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
স্থানীয় ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জানায়, বিগত জাতীয় সংসদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউপি নির্বাচনে কোথাও কোথাও রাতের বেলায় প্রিসাইডিং কর্মকর্তাকে জিম্মি করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মেরে বাক্সে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এতে অনেক নির্বাচনী কর্মকর্তা হয়রানির শিকার হন। অনেক প্রিসাইডিং কর্মকর্তা রাতে না ঘুমিয়ে ব্যালট পেপার পাহারা দেন। ভোটাররাও নির্বাচন নিয়ে আস্থাহীনতায় থাকেন।
এসব কারণে ভোটের দিন ভোরে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য এবং প্রতিযোগিতাপূর্ণ হবে বলে মনে হচ্ছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নাগরী ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। নাগরী ইউনিয়ন পরিষদের ১৪টি কেন্দ্রে ৩০ হাজার ৮৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১৪ হাজার ৯০৮ জন মহিলা ভোটার এবং ১৫ হাজার ১৭৯ জন পুরুষ ভোটার রয়েছে। ভোট গ্রহণের জন্য ৩৭ বুথ প্রস্তুত স্থাপন করা হয়ছে।
এসব বিষয়ে জানতে কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার ফারিজা নূরের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক কল করেও তাঁকে পাওয়া যায়নি।
উল্লেখ্য : গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর ৪ টা ৩৪ মিনিটে চিকিৎসারত অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে মারা গেছেন কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির মিয়া। এরপর নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর আগে ২০১৬ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে নির্বাচিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে বাংলাদেশ নির্বাচন কমিশন ২০১৬ সালের ১১ এপ্রিল নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আব্দুল কাদির মিয়ার নাম অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে।
আরো জানতে…..
নাগরী উপনির্বাচন: তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
নাগরী উপনির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার তিন নেতা
নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন আটজন