গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে মুনমুন রানী দাসকে (১৯) তার বাড়ীর সামনে থেকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে অপহরণ করে ফারুক আলী নামে এক যুবক। এর ঠিক ৮ মাস ২২ দিন পর মুনমুনকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর গাজীপুর জেলা শাখার সদস্যরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে অপহৃত মুনমুনকে গাজীপুর মহানগরের রাজবাড়ী এলাকা থেকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মুনমুন রানী দাস কালীগঞ্জের মোক্তারপুর গ্রামের মৃত মানিক চন্দ্র দাসের মেয়ে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর গাজীপুর জেলা শাখার পরিদর্শক জাহিদুল হক এ তথ্য জানান।
পিবিআই’র সূত্রে জানা যায়, অপহৃত (ভিকটিমক) মুনমুন রানী দাসকে প্রেমের প্রস্তাব দিত এবং বিরক্ত করত মোক্তারপুরের রাথুরা গ্রামের আহম্মদ আলীর ছেলে ফারুক আলী (২৭)। পরবর্তীতে গত ০৭ জানুয়ারি ফারুক আলী ভিকটিম মুনমুন রানী দাসকে তার বাড়ীর সামনে থেকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে অপহরণ করে নিয়ে যায়। এরপর ২৪ ফেব্রুয়ারি মুনমুনের মা চায়না রানী দাস বাদী হয়ে অপহরণের অভিযোগে গাজীপুর আদালতে একটি কোর্ট পিটিশন (সিপি) দায়ের (নং-২৮/২০) করেন। পরবর্তীতে আদালত মামলার তদন্তের দায়িত্ব দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর গাজীপুর জেলা শাখাকে।
পরে অপহৃত মুনমুনকে উদ্ধারে তদন্তে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলা শাখার সদস্যরা। অপহৃরণের ৮ মাস ২২ দিন পর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক জাহিদুল হকের নেতৃত্বে একটি টিম গাজীপুর মহানগরের রাজবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত মুনমুনকে উদ্ধার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক জাহিদুল হক বলেন, মামলার পরবর্তী কার্যক্রমের জন্য মুনমুনকে আদালতে প্রেরণ করা হয়েছে।