কোভিড-১৯ শনাক্ত হয়ে তেজগাঁও কলেজের এক ছাত্রীর মৃত্যু, টঙ্গীতে বাড়ি লকডাউন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কোভিড-১৯ শনাক্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তেজগাঁও কলেজের এক ছাত্রীর (২৯) মৃত্যু হয়েছে। পরে টঙ্গীতে তাঁর বাড়ি লকডাউন করেছে পুলিশ।

বুধবার (২৭ মে) দিবাগত মধ্য রাতে ওই ছাত্রীর মৃত্যু হয়।

ওই ছাত্রীর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কুড়িগাঁও এলাকায়।

নিহত ছাত্রীর বাবা বলেন, তাঁর মেয়ে রাজধানীর তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজে স্নাতকোত্তর (মাস্টার্স) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী। কোভিড-১৯ শনাক্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর বৃহস্পতিবার তাঁকে মোহাম্মদপুর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

জিএমপি’র টঙ্গী (পূর্ব) থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘ওই ছাত্রীকে করোনার (কোভিড-১৯) লক্ষণ নিয়ে ২৫ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তাঁর দেহে করোনা সংক্রমন পজেটিভ হয় বলে জানা গেছে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ৩ টার দিকে তাঁর মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যু রেজিস্ট্রারে তার নম্বর- ২৩৯। সে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। বর্তমানে ওই বাড়িটি লকডাউন করা হয়েছে’।