গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইলে নিখোঁজের তিন দিন পর বিলে থেকে আব্দুল্লাহ ছাদমান হুজাইফা নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) সকালে পূবাইলের বেপারীপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ ছাদমান হুজাইফার বয়স মাত্র ৪ বছর ৫ মাস। সে পূবাইল বেপারীপাড়া এলাকার হাফেজ মাওলানা মো: হাবিবুর রহমানের সন্তান।
শিশুটি নিখোঁজের পর পূবাইল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছিল।
নিহত শিশুর স্বজনরা বলেন, গত ২৩ মে বাড়ির পাশে মাঠে খেলা করতে গিয়ে শিশু ছাদমান নিখোঁজ হয়। সম্ভাব্য সকলস্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন ওই শিশুর পিতা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানায় সাধারণ ডায়রি করেন। ২৬ মে সকালে নিহতের বাড়ি থেকে উল্টোদিকের বিলে ওই শিশুর লাশ ভেসে ওঠে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর আলী বখতিয়ার বলেন, ‘নিহতের শরীরে জখমের চিহ্ন পাওয়া যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।’