গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের সাইনবোর্ড এলাকার একটি পোশাক কারখানার তিন শ্রমিক পরিবারসহ লালমনিরহাটে গিয়ে পরিবারের ছয় সদস্য করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
প্রথমে পোশাক শ্রমিক এক তরুণ (১৮) কোভিড-১৯ শনাক্ত হয়। পরে তাঁর সংস্পর্শে পরিবারের আরো পাঁচ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলার সিভিল সার্জন নির্মলেন্দু রায়।
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তাহেরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার আদিতমারী উপজেলায় এক পরিবারের পাঁচ সদস্য করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি আরো বলেন, প্রথমে ১৮ বছরের এক তরুণ গাজীপুর থেকে আসার পর করোনাভাইরাস পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়। তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের পরীক্ষা করা হলে আরো পাঁচজনের কোভিড-১৯ পজেটিভ রিপোর্টে আসে। পাঁচ সদস্যের বয়স ১১ থেকে ৭০ বছর। তাদের বাড়ি উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নে।
স্বাস্থ্য কর্মকর্তা বলেন, গাজীপুরের সাইনবোর্ড এলাকার একটি পোশাকর কারখানার কাজ করতো ওই পরিবারের তিন সদস্য। তাদের পরিবারের ছয়জন সদস্য গত ১৮ এপ্রিল গাজীপুর থেকে আদিতমারী ফিরেন। ২২ এপ্রিল প্রথমে তাদের মধ্যে এক তরুনের (১৮) নমুনা সংগ্রহ করা হয়। পরে ২৮ এপ্রিল জানা যায় সে করোনা পজেটিভ। এরপর সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এছাড়াও ৩ মে তার বাবা (৪০), মা (৩৮), দাদী (৭০), এক ভাই (১৬), এক বোন (১১) এবং তার স্ত্রীর (১৮) নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার পাওয়া রিপোর্টে জানা যায় তাদের মধ্যে পাঁচজন করোনা পজেটিভ। তাদের হোম আইসোলেশনে রাখা হয়েছে।
করোনাভাইরাস শনাক্ত তরুণের বাবা বলেন, আমিসহ আমার পরিবারের তিনজন গাজীপুরের সাইনবোর্ড এলাকার একটি পোশাক কারখানার কাজ করি। গত ১৮ এপ্রিল গাজীপুর থেকে আমরা আদিতমারীতে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৈলজোড় গ্রামে আমাদের বাড়িতে ফিরেছি। প্রথমে আমার ছেলের করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর বৃহস্পতিবার পাওয়া রিপোর্টে জানতে পারি আমি, আমার মা, আমার ছোট ছেলে, মেয়ে এবং ছেলের স্ত্রীর করোনা পজেটিভ হয়েছে।
সিভিল সার্জন বলেন, পোশাক কারখানার ছয় শ্রমিকসহ লালমনিরহাট জেলায় এখন পর্যন্ত মোট ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের দুইজন সুস্থ হয়ে ফিরে গেছেন।
এ সংক্রান্ত আরো জানতে……….
গাজীপুরে ৭ পোশাক কারখানার ১০ শ্রমিক করোনা পজেটিভ
গাজীপুরে দুই পোশাক কারাখনার দুই শ্রমিক করোনা আক্রান্ত
সুনামগঞ্জের করোনা পজেটিভ ৪ জন গাজীপুরের পোশাককর্মী